![]()
ঢাকা:মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় সংঘটিত এ সংঘর্ষে মো. সেলিম নামে একজন নিহত হয়েছেন।
নিহত সেলিম মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরই জেরে বৃহস্পতিবার ভোরে তারা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চরডুমুরিয়া, সামারচরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়।
আওলাদ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। অন্যদিকে রহিমও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৪:২৮:১৫ ১৭ বার পঠিত | ● আওলাদ মোল্লা ● মুন্সীগঞ্জ সংঘর্ষ ● মোল্লাকান্দি ● রহিম মোল্লা