ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটায় পরিত্যক্ত পর্যটকবাহী জিপে আগুন, মালিকের সন্দেহ নাশকতা

কুয়াকাটায় পরিত্যক্ত পর্যটকবাহী জিপে আগুন, মালিকের সন্দেহ নাশকতা


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


কুয়াকাটায় পরিত্যক্ত পর্যটকবাহী জিপে আগুন, মালিকের সন্দেহ নাশকতা

পটুয়াখালী: কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পার্কিং করে রাখা পর্যটকবাহী একটি পরিত্যক্ত জিপে (চান্দেরগাড়ি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় জিপটি পর্যটকদের কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহৃত হতো। তবে দীর্ঘদিন ধরে সেটি ওই স্থানে পার্কিং করে রাখা ছিল। বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। পরে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করে তা নিয়ন্ত্রণে আনেন।

গাড়ির মালিক মো. ইমরান জানান, দীর্ঘদিন ধরে তিনি গাড়িটি ওই স্থানে পার্কিং করে রেখেছেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন। হঠাৎ খবর পান, কে বা কারা তাঁর গাড়িতে আগুন দিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন, আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করছেন।

তিনি বলেন, “এটি যদি পাগল কিংবা দুর্ঘটনাবশত আগুন লাগার ঘটনা হতো, তাহলে অনেক আগেই এমন কিছু ঘটতে পারত। আমার ধারণা, কোনো দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

প্রত্যক্ষদর্শী মো. শাহীন গাজী বলেন, “আমরা কয়েকজন সৈকত এলাকায় আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখি গাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করি। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি।”

ঘটনার কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ বিষয়ে বক্তব্য জানতে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদারের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

গাড়ির মালিক এ ঘটনায় দুষ্কৃতকারীদের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করলেও আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৪৭   ১৪ বার পঠিত  | ●   ●   ●