ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ভয়াবহ আগুনে ১৮ ছাগলের মৃত্যু, খামারির পাশে ইউএনও

চাটমোহরে ভয়াবহ আগুনে ১৮ ছাগলের মৃত্যু, খামারির পাশে ইউএনও


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


পাবনায় ভয়াবহ আগুনে ১৮ ছাগলের মৃত্যু, খামারির পাশে ইউএনও

পাবনা: চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা আবুলনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগলসহ একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত খামারি।

জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে খামারের ছোট-বড় ১৮টি ছাগল পুড়ে মারা যায়। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তা নেভানোর পাশাপাশি ছাগলগুলো উদ্ধারের চেষ্টা করেন। তবে তাঁদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন ওই দরিদ্র ছাগল খামারি। দীর্ঘদিনের পরিশ্রম ও সঞ্চয়ে গড়ে তোলা খামারটি মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে তাঁর পরিবার।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পুড়ে যাওয়া ঘর ও খামারের ক্ষতিগ্রস্ত স্থান ঘুরে দেখেন।

পরে ক্ষতিগ্রস্ত খামারিকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে ১০ হাজার টাকা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি ঘর মেরামতের জন্য টিন দেওয়ার ঘোষণা দেন।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৫৭   ১০ বার পঠিত  | ●   ●   ●   ●