![]()
ঢাকা: রাজধানীর কলাবাগান, ওয়ারী, কাফরুল ও ধানমন্ডি থানা এলাকার চারটি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাতের মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে হাতিরপুলে বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ১০টা ২৩ মিনিটের দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
তিনি জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শাহ আলী প্লাজার বিপরীত পাশে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ধাওয়া করেও আটক করতে পারেননি।
এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুল এলাকার ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করে জানান, ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।
অন্যদিকে, রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডির রাপা প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব। তিনি জানান, দুর্বৃত্তরা ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এন/ আর
বাংলাদেশ সময়: ০:১৯:১৭ ১৭ বার পঠিত | ● কলাবাগান ● ধানমন্ডি ● রাজধানীতে ককটেল বিস্ফোরণ ● হাতিরপুল