ঢাকা    রবিবার, ২৯ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » স্কুলে যাওয়ার পথেই প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাসফিয়ার

স্কুলে যাওয়ার পথেই প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাসফিয়ার


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


স্কুলে যাওয়ার পথেই প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাসফিয়ার

চুয়াডাঙ্গার:মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে স্কুলে যাওয়ার পথেই প্রাণ হারাল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া ফারিহা। চুয়াডাঙ্গার জীবননগরে মাটিভর্তি একটি অবৈধ শ্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বারের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসফিয়া উপজেলার ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের মেয়ে। সে প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে ভাইয়ের বাইসাইকেলে করে স্কুলে যাচ্ছিল তাসফিয়া। পথে জীবননগরমুখী মাটিভর্তি একটি দ্রুতগতির লাটাহাম্বার তাদের বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাসফিয়ার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তার ভাই সম্রাটের একটি হাত ভেঙে গেছে।

এদিকে, দুর্ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী লাটাহাম্বারটি ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যানটি জব্দ করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, লাটাহাম্বারের ধাক্কায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৩:২২   ১৫ বার পঠিত  | ●   ●   ●