ঢাকা    রবিবার, ২৯ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে মন্দির চুরির ঘটনায় দুই আসামি গ্রেপ্তার, মাটির নিচে মিলল চোরাই মালামাল

লালমোহনে মন্দির চুরির ঘটনায় দুই আসামি গ্রেপ্তার, মাটির নিচে মিলল চোরাই মালামাল


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


ভোলায় মন্দির চুরির ঘটনায় দুই আসামি গ্রেপ্তার, মাটির নিচে মিলল চোরাই মালামাল

ভোলা: লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গজারিয়া বাজারসংলগ্ন শ্রী শ্রী কৃষ্ণ কালী মন্দিরে চুরির ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া বাসস্ট্যান্ডের সামনে থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও এসআরবি-১০-এর সহায়তায় মো. রাজু (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে লালমোহন থানায় নিয়ে আসা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চুরির সঙ্গে জড়িত অপর আসামি মো. মিরাজকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

মো. রাজু চরফ্যাশন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে টিপু মেম্বারের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তার বাবার নাম সানাউল্লাহ মিয়া। অপর আসামি মো. মিরাজ চরফ্যাশনের হালিমাবাদ এলাকার ২ নম্বর ওয়ার্ডের ইউসুফ বেপারীর ছেলে। গ্রেপ্তার দুজনকে শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ভোলার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার প্রধান আসামি মো. রাজুকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি মো. মিরাজকে চরফ্যাশন থেকে গ্রেপ্তার করা হয়। পরে মিরাজের বাড়ির মাটির নিচ থেকে মন্দিরের চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৩ জুলাই ২০২৬ দুপুরে পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গজারিয়া বাজারসংলগ্ন শ্রী শ্রী কৃষ্ণ কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনা লালমোহনসহ বিভিন্ন এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় ওই দিনই লালমোহন থানায় মামলা করা হয়। মামলার নম্বর ৬, জিআর নম্বর ১৫৫ এবং ধারা ২৯৭/৩৮০।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৪:৫৮   ১০ বার পঠিত  | ●   ●   ●   ●