ঢাকা    রবিবার, ২৯ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » সিরাজগঞ্জে ২০ মাস পর কবর থেকে তোলা হলো দুই যুবকের মরদেহ

সিরাজগঞ্জে ২০ মাস পর কবর থেকে তোলা হলো দুই যুবকের মরদেহ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


সিরাজগঞ্জে ২০ মাস পর কবর থেকে তোলা হলো দুই যুবকের মরদেহ

সিরাজগঞ্জ: মামলার হাজিরা দিতে আদালতে যাওয়ার পথে হাইস গাড়িচাপায় নিহত দুই যুবককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার ২০ মাস চার দিন পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে তাঁদের মরদেহ উত্তোলন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহ দুটি উত্তোলন করা হয়। এ সময় কবরস্থানে উৎসুক জনতার ভিড় জমে।

নিহত ব্যক্তিরা হলেন হেমনগর গ্রামের প্রয়াত আজিজ ফারুকীর ছেলে রোকনুজ্জামান রোকন ফারুকী এবং তাঁর প্রতিবেশী ভাতিজা নাসির উদ্দিন নান্টু।

মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সায়েম, পুলিশ সদস্য, নিহতদের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৪ মার্চ জমিজমা-সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে আদালতে যাচ্ছিলেন রোকনুজ্জামান ও নাসির উদ্দিন। পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় হাইয়েস গাড়িচাপায় তাঁদের মৃত্যু হয়। সে সময় ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা উল্লেখ করে হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।

তবে নিহতদের পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়; বরং জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় চলতি বছরের ১০ সেপ্টেম্বর সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমলি আদালতে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন ফেরদৌস মামুন ওরফে শাওন ফারুকী।

মামলার আসামিরা হলেন হেমনগর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে ও প্রধান আসামি মোনায়েম হোসেন জেমস (৩৫), তাঁর ছোট ভাই জাকির হোসেন (২৭), বাবা আব্দুল ওয়াহাব (৫২) এবং জেমসের দুই সহযোগী মোহাম্মদ রাসেল সরকার (২২) ও মোহাম্মদ শাকিল হোসেন ওরফে শুটার শাকিল (২২)।

আদালত মামলাটি গ্রহণ করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। একই সঙ্গে নিহত দুই যুবকের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেন।

নিহত রোকনুজ্জামানের ছোট ভাই ও মামলার বাদী ফেরদৌস মামুন ওরফে শাওন ফারুকী অভিযোগ করেন, তাঁর চাচা আব্দুল ওয়াহাব ও চাচাতো ভাই মোনায়েম হোসেন জেমস পরিকল্পিতভাবে হাইস গাড়িচাপা দিয়ে তাঁর ভাই ও প্রতিবেশী ভাতিজাকে হত্যা করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ঢাকা পোস্টকে বলেন, আদালতের নির্দেশে দুটি মরদেহ উত্তোলনের নির্দেশনা ছিল। সেই নির্দেশনা অনুযায়ী আজ মরদেহ দুটি কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে।

মরদেহ উত্তোলনের পর প্রয়োজনীয় আইনগত ও পুলিশি প্রক্রিয়া শেষে শনিবার বিকেলে ময়নাতদন্তের জন্য সেগুলো সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এন/এস

বাংলাদেশ সময়: ২২:১১:১০   ৮ বার পঠিত  | ●   ●   ●