![]()
গাজীপুর: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই নারী দিবস পালন করা হয়।
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নূরী তাসমিন ঊর্মি, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা মৎস্য অফিসার রাজিয়া সুলতানা, উপজেলা তথ্যসেবা অফিসার সোহা তামান্না, উপজেলা আনসার ভিডিবি অফিসার ওবায়দুর রহমান, উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো.রাকিব ভূইয়া, ইএসডিও’র প্রতিনিধি শামিউল ইসলাম, প্রশিক্ষার্থী আফসানা আক্তার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ ও দেশের জন্য নারীরা অর্থনীতি, রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন নারী সমাজ। তারা নিজ কর্মে বলিষ্ঠ ভূমিকা পালন করে সুনাম অর্জন করে যাচ্ছেন। এখন থেকে মহিলা ও মেয়ে শব্দ ব্যবহার করা যাবে না। নারী শব্দ ব্যবহার করতে হবে। আমাদের দেশে জনসংখ্যার মধ্যে বেশিভাগ তরুণ। কারিগরি শিক্ষা আমাদের কম। তাই পড়াশোনার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ নিয়ে কাজ করে স্বাবলম্বী হতে হবে। অনলাইন বিজনেস এখন বেশ জনপ্রিয়। ব্যবসা বাণিজ্য প্রসার করতে অনলাইন বিজনেসের পথ সুগম করতে হবে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে একজন নারী তাঁর স্বামীকে সহযোগিতা করে সংসারের অভাব লাঘবের ভূমিকা পালন করবেন।
আলোচনা সভার আগে কালীগঞ্জ পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর প্রশাসক তনিমা আফ্রাদ এর নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শেষে উপজেলা জাতীয় মহিলা সংস্থায় বিজনেস ম্যানেজমেন্ট, বিউটিশিয়ান ও ফ্যাশন ডিজাইনার এই তিন ক্যাটাগরিতে অংশ নেয়া ১৫০ প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়। সর্বমোট ১৪ লাখ ৫০ হাজার ২শত টাকার ভাতা প্রদান করা হয়।
এইচ/এল
বাংলাদেশ সময়: ১৯:৩৯:১৯ ২৫৭ বার পঠিত | ● আলোচনা ● কালীগঞ্জ ● গাজীপুর ● র্যালি ● সভা