ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৬ মার্চ ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » ব্যাটারী চালিত অটোরিকশাকে বাসের ধাক্কা, চালকসহ গুরুতর আহত ২

ব্যাটারী চালিত অটোরিকশাকে বাসের ধাক্কা, চালকসহ গুরুতর আহত ২


কামরুল ইসলাম মোস্তফা,চন্দনাইশ(চট্রগ্রাম)
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫


ব্যাটারী চালিত অটোরিকশাকে বাসের ধাক্কা, চালকসহ গুরুতর আহত ২

চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সদরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পূরবী পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় ভাই-বোনসহ ৩ জন নিহত হওয়ার রেশ কাটতে না কাটতে আবারো যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক সাইফুল ইসলাম (২৪) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ওই রিকশাতে থাকা অপর এক যাত্রীও আহত হয়। তবে তার নাম পাওয়া যায়নি। রবিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় দোহাজারী পৌরসভাধীন নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, রবিবার সকালে একটি ব্যাটারিচালিত অটোরিকসা পার্শ্ব সড়ক থেকে মহাসড়কে উঠে দোহাজারী নাথপাড়া এলাকায় পৌঁছলে ব্যাটারি চালিত অটোরিকশাটি মহাসড়কে ঘুরানোর চেষ্টাকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী ঈগল পরিবহনের একটি দ্রুতগতির বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক সাইফুল ইসলাম গুরুতর আহত হয়।

তাকে স্থানীয়রা উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। আহত সাইফুল দোহাজারী পৌরসভার দিয়াকুল আশ্রয়ণ প্রকল্পের মৃত মো. নওশা মিয়ার ছেলে। তবে রিকশাতে থাকা অপর এক যাত্রী আহত হওয়ার খবর পেলেও তার নাম ও ঠিকানা পাওয়া যায়নি। এদিকে রবিবার বিকাল ৪টার সময় দোহাজারী সদরে ব্যাটারি চালিত অটোরিকসার ধাক্কায় লামার বাজার এলাকার মো. গফুর নামে আরেক বৃদ্ধ এবং ধোপাছড়ি এলাকার আব্দুল হামিদের ৫ বছর বয়সী ছেলে হাছান আহত হয়েছে। তাদেরকে দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দূর্ঘটনা কবলিত ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে দোহাজারীতে পূরবী বাসের চাপায় নিহত হয় অটোরিকসা যাত্রী দুই ভাই-বোন ওয়াকার উদ্দীন আদিল (১২), তার বড় বোন উম্মে হাবিবা রিজভী (১৬) এবং অটোরিকশা চালক রুহুল আমিন (৪৫) নিহত হন। এ ঘটনায় আহত হয় একই এলাকার কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৫:৩০   ২৬৭ বার পঠিত  |