ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২১ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » রিকশা চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

রিকশা চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫


রিকশা চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল: পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক রিকশাচালককে হত্যা করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।

নিহত সাব্বির সিকদার (২৫) পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি এলাকার হারুন সিকদারের ছেলে। সাব্বিরের পাঁচবছর বয়সী একটি সন্তান রয়েছে।

জানাযায়, বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে ঘাতকরা বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে সাব্বিরকে হত্যা করে ওদনকাঠি গ্রামে একটি ইটের রাস্তার পাশে ফেলে রাখে। হাতুড়ির আঘাতে তার মাথা পুরোপুরি থেতলে গেছে।

শুক্রবার সকালে স্থানীয়রা সাব্বিরের মৃতদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেয়। পরে সদর থানা পুলিশ, পিবিআই ও সিআইডি পুলিশের আলাদা টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহতের বাবা হারুন সিকদার জানান, বৃহস্পতিবার বিকেলে নিজের ব্যাটারিচালিত রিক্সা নিয়ে ঘর থেকে বের হয়েছিল সাব্বির। এরপর নির্ধারিত সময়ে সে রাতে বাড়ি না ফেরায়, স্বজনরা তার মোবাইলে ফোন করে। তবে সেটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তারা বিভিন্ন স্থানে সাব্বিরের খোঁজ করেও ব্যর্থ হয়। এরপর সকালে সাব্বিরের মৃতদেহ দেখে সেটি শনাক্ত করে। তবে ঘটনাস্থলে তার রিকশাটি পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, সাব্বিরের রিকশাটি নেয়ার জন্য কিংবা মাদক সংক্রান্ত বিষয়ের জেরে সাব্বিরকে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, সাব্বির মাদক সেবনের সাথে জড়িত ছিল।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: মুকিত হাসান খান জানান, এখন পর্যন্ত সাব্বিরকে হত্যার কারণ উদঘাটন করা যায়নি। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৯:৫১:৫৩   ১৮৭ বার পঠিত  |