![]()
পটুয়াখালী: কলাপাড়ায় প্রায় পাঁচ হাজার পরিবার আজ রবিবার ঈদ-উল-ফিতর উদযাপন করছেন। প্রতি বছরের মত সৌদি আরবের সঙ্গে মিল রেখে এরা ঈদ উদযাপন করছেন।
কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়িা শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে এই অনুসারীদের ঈদের নামাজের প্রধান জামাত সকাল সাড়ে আট টায় অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ঈদের নামাজের ইমামতি করেছেন হাফেজ মো. এমদাদ আলী। অনুসারিরা এখবর নিশ্চিত করেছেন। চালিতাবুনিয়া, গিলাতলা, ফুলতলী, পাঁচজুনিয়া ও ধানখালী দরবার শরীফের হাজারো অনুসারি প্রধান জামায়াতে অংশ গ্রহণ করেন।
এছাড়া কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি, উত্তর লালুয়া মাঝিবাড়িসহ বিভিন্ন স্পটে আরও আটটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত হওয়া গেছে।
নামাজ শেষে তারা নিজেদের মধ্যে একে অপরকে জড়িয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসব অনুসারিরা আগেই ঈদের পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনেছেন। এসব পরিবারে বিরাজ করছে ঈদের পূর্ণ আমেজ।
নিশানবাড়িয়া দরবার শরীফের পরিচালক মোঃ নিজাম উদ্দিন বিশ্বাস আমার দেশকে জানান, তারা চিটাগং এর চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামের সিলসিলায়ে আলীয়া কাদরিয়া চিশতিয়া জাহাগিরিয়িা তরিকতের অনুসারী।
স্থানীয় ভাষায় এদেরকে চাঁদ টুপির অনুসারী বলা হয়। নিশানবাড়িয়া, গন্ডামারি, মরিচবুনিয়া, চালিতাবুনিয়া, ছইলাবুনিয়া, সেনের হাওলা, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুরতলী, তেগাছিয়া, সাফাখালী, চরপাড়া, আজিমদ্দিন গ্রামে প্রায় পাঁচ হাজার পরিবারে ১৫ হাজার লোক বসবাস করছেন। আজ তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল-ফিতর উদযাপন করছেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৩:৫৭:১৬ ৩১৫ বার পঠিত | ● ঈদ উদযাপন ● কলাপাড়া