ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৫ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে অষ্টমীস্নানে পুণ্যার্থীদের ঢল

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে অষ্টমীস্নানে পুণ্যার্থীদের ঢল


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল ২০২৫


ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে অষ্টমীস্নানে পুণ্যার্থীদের ঢল

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের লাটিয়ামারি এলাকায় পুণ্যার্থীদের ঢল নেমেছে। শনিবার (৫ এপ্রিল) ভোর ৬টা থেকে ব্রহ্মপুত্র নদের লাটিয়ামারি এলাকায় পুণ্যার্থীদের স্নান শুরু হয়ে চলে বেলা ১টা পর্যন্ত।

অষ্টমীর স্নানকে ঘিরে ব্রহ্মপুত্র নদের বিশাল এলাকাজুড়ে চলে উৎসবমুখর পরিবেশ। নদের পাড়ে পুরোহিতের কাছে মন্ত্রপাঠ করে স্নানে নেমে পড়েন তারা। স্নানোৎসবে জগতের কল্যাণ কামনায় প্রার্থনা করেন পুণ্যার্থীরা।

লাটিয়ামারি এলাকায় গিয়ে পুণ্যার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপমোচনের আশায় ব্রহ্মপুত্র নদে স্নান করতে আসেন। ভোর থেকেই ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও ত্রিশালসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা ব্রহ্মপুত্র নদের পাড়ে এসে অষ্টমী স্নান শুরু করেন।

স্নান উপলক্ষে লাটিয়ামারি গঙ্গা মন্দির ও স্নান উদযাপন কমিটির পক্ষ থেকে ব্রহ্মপুত্র এলাকায় পুণ্যার্থীদের জন্য বিশেষ সেবা চালু করা হয়। স্নান করতে আসা পুণ্যার্থীদের কাপড় পরিবর্তনের জন্য শামিয়ানা টানিয়ে কয়েকটি তাবু তৈরি করা হয়। পুণ্যার্থীদের নিরাপত্তায় নিশ্চিত করতে বাড়তি সতর্কতায় ছিল পুলিশ। পাশাপাশি ছদ্মবেশে পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি ছিল নদের পাড়ে।

এদিকে অষ্টমীতে আসা দুই দল তরুণদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অষ্টমী উপলক্ষে লাটিয়ামারি বাজারে মেলা বসে। মেলা দেখতে হাজার হাজার দর্শনার্থী। মেলা দেখতে আসা তরুণদের একটি গ্রুপের সদস্যদের সাথে অপর গ্রুপের এক তরুণের শরীরে ধাক্কা লাগে। এনিয়ে দু’গ্রুপের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অপরদিকে স্নানোৎসব পালন করতে এসে রাম লাল চন্দ্র দে (৬৫) নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র নদে পুণ্য স্নান করে পাড়ে উঠতেই স্টোক করে রাম লাল মারা যান।

উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রাম থেকে আসা রুপল দাস ও পার্শ্ববর্তী নান্দাইল থেকে আসা মিতু রানী দে বলেন, প্রতি বছরেই এখানে পূণ্য স্নান করতে আসি। এবারও পরিবারের সদস্যদের নিয়ে অষ্টমির স্নান করতে এসেছি। শান্তিপূর্ণভাবে স্নান করলাম। গত বছরের তুলনায় এবার অনেক লোকজন হয়েছে।

লাটিয়ামারি গঙ্গা মন্দির ও অষ্টমীর স্নান পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব রায় চৌধুরী বলেন,’ছোটখাটো দু-একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অষ্টমী স্নান সম্পন্ন হয়েছে। পুর্ণ্যার্থীদের জন্য সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা ছিল পরিচালনা কমিটির পক্ষ থেকে।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন,’ দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে অষ্টমী স্নান সম্পন্ন হয়েছে। লাটিয়ামারি এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৫৪:৩৬   ৩০০ বার পঠিত  |