![]()
বরিশাল: আগৈলঝাড়ায় কলেজ ছাত্রকে উঠিয়ে নিয়ে গভীর রাতে পরিত্যক্ত বাড়িতে নির্যাতন করে নগদ টাকা, মোবাইল ফোন ও বিকাশ-নগদ একাউন্ট থেকে টাকা নিয়ে মাদকসহ ছবি ও ভিডিও তোলার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে।
সরেজমিন গিয়ে আহত ওই কলেজ ছাত্রের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের অমৃত সরকারের ছেলে ও সরকারী গৌরনদী কলেজের ডিগ্রীর ছাত্র অন্তর সরকার(২০) শনিবার রাতে বন্ধুদের সাথে আড্ডা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। সূর্যকান্ত বেপারীর বাড়ির সামনে আসলে গাড়ীর গতিরোধ করেন রত্নপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমিন শাহ ও তার সহযোগী রাসেল শাহ।
এসময় কলেজ ছাত্র অন্তর সরকারকে গাড়ী থেকে নামিয়ে শনিবার রাত ১টায় আমিন ও রাসেল তাদের গাড়ীতে করে বারপাইকা গ্রামের ঠিকাদার মালেক শাহ’র পরিত্যক্ত বাড়িয়ে নিয়ে যায়। ওখানে নিয়ে কলেজ ছাত্র অন্তর সরকারের সাথে মানিব্যাগে থাকা নগদ ২ হাজার ৮শত টাকা ও তার ব্যবহৃত মোবাইল ফোন (আইটেল এস ২০) নিয়ে তাকে শারিরিক নির্যাতন করে। এসময় তার মোবাইলের পিন নম্বর দিয়ে বিকাশে থাকা ৩৮ হাজার ৫শত ও নগদ একাউন্টের ১ হাজার ৩ শত টাকা নিয়ে যায় তারা।
পরিত্যক্ত বাড়ির ঘরের সিড়িতে অন্তর সরকারকে মাদকের একটি বোতল দিয়ে তার ছবি ও ভিডিও তুলে রাখে ওই বিএনপি নেতা। পরে রাত ৪ টার দিকে অন্তর সরকারকে নিয়ে পুনরায় সূর্যকান্ত বেপারীর বাড়ির কাছে এসে অন্তরকে রাসেল শাহ’র জিম্মায় রেখে মুচলেখা রাখার জন্য ওই বিএনপি নেতা নিজ বাড়িতে কাগজ আনতে যায়। এসময় রাসেলের চোখ ফাকি দিয়ে কলেজ ছাত্র অন্তর দৌড়ে বাড়ি এসে অচেতন হয়ে পরে। জ্ঞান ফিরলে পরিবারকে রাতের ঘটনা জানান। পরে অন্তরের পিতা অমৃত সরকার বিএনপি নেতা বিন্দু সরকারকে সাথে নিয়ে ভোর রাতে স্থানীয় বিএনপি নেতা আনোয়ার শাহ, রিপন শাহ, ফিরোশ শাহ, বাদশা শাহ ও সোহাগ শাহসহ স্থানীয়দের ঘঁনাটি জানান।
এব্যাপারে কলেজ ছাত্র অন্তর সরকারের মা আশা সরকার জানান, ছেলে রাতে বাড়িতে না ফেরায় আমরা দুঃশ্চিন্তায় ছিলাম। ভোর রাতে আহত অবস্থায় ছেলে বাড়ি ফিরে আমাদের এঘটনায় জানায়।
এব্যাপারে অভিযুক্ত রত্নপুর ইউনিয়ন বিএনপি নেতা আমিন শাহ’র নম্বরের একাধিক বার ফোন দিলেও সে ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম সাংবাদিকদের জানান, এ ধরনের ঘটনা আমার জানা নেই। ভুক্তভোগী ওই পরিবার অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আর/ এন
বাংলাদেশ সময়: ২৩:১৯:০৯ ৩৮৩ বার পঠিত | ● আগৈলঝাড়া ● কলেজ ● ছাত্র ● তুলে ● নির্যাতন