![]()
কুড়িগ্রাম: নদী ভাঙন ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করতে গিয়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব,অসহায়,কর্মহীন একটি পরিবার নতুন করে বাঁচতে আশার আলো দেখছেন। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন।
জানা যায়,উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ গ্রামের সুরুজ মিয়া (৫০) দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সম্প্রতি তার পেট অপারেশন করান। অপারেশন ও চিকিৎসায় নিঃস্ব হয়ে যায় তার পরিবার। এরআগে তিস্তা নদী ভাঙনে তার ভিটেমাটি টুকুও নদী গর্ভে বিলীন হয়েছিল। ফলে অসহায় অবস্থায় গত কয়েকদিন পূর্বে দুই সন্তান ও তার স্ত্রীকে নিয়ে রাজারহাট রেলওয়ে স্টেশন প্লাটফর্মে আশ্রয় গ্রহন করেন।
এরপর থেকে খেয়ে না খেয়ে দিন কাটছিল তাদের। সোমবার সকালে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। খবর পেয়ে দুপুরে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান এবং বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুল ইসলাম রাজারহাট রেলওয়ে স্টেশনে গিয়ে সুরুজ মিয়ার পরিবারের খোঁজখরর গ্রহণ করেন।
তাৎক্ষনিকভাবে ওই পরিবারকে ২০কেজি চাউল,২কেজি ডাল,১লিটার তেল,২টি কম্বল এবং ২প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়। এসময় আনন্দে কেঁদে ফেলেন সুরুজ মিয়া। তিনি বলেন,স্যার হামাক নয়া করি বাঁচার স্বপ্ন দেখাইছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান বলেন,সুরুজ মিয়ার পরিবারকে আপাতত একটি গুচ্ছ গ্রামের আবাসনে থাকার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া তার পরিবারকে অন্যান্য সরকারি সাহায্য-সহযোগিতা প্রদান করা হবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:১৮:৫৬ ২৪৬ বার পঠিত | ● ইউ্নও ● পরিবার ● রাজারহাট ● সুরুজ