ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় মানবিক এনজিও’র অমানবিক কান্ড!

আগৈলঝাড়ায় মানবিক এনজিও’র অমানবিক কান্ড!


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫


আগৈলঝাড়ায় মানবিক এনজিও’র অমানবিক কান্ড!

বরিশাল: রাজশাহী থেকে বরিশালের আগৈলঝাড়ায় একটি এনজিও’র স্কুলে সন্তানদের ভর্তি করতে এসে স্কুল কতৃর্পক্ষের বিমাতাসুলভ আচারনের স্বীকার হয়ে শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের খোলা আকাশের নিচে রাত্রি যাপনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি মানবিকতায় বিবেচনা করে সড়ক থেকে উদ্ধার করে নারী-শিশুসহ ১১জনকে আশ্রয় দিয়েছে অন্য একটি বে-সরকারী এনজিও। বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই এনজিওটির বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের ছবিখাঁপাড় গ্রামে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দরিদ্র শিশুদের লেখাপড়া, থাকা, খাওয়ার জন্য আগৈলঝাড়ায় ইন্টারন্যাশাল নিডস নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে দরিদ্র খ্রীষ্টান পরিবারের সন্তানদের ভর্তি করা হয়ে থাকে। এরই ধারাবাহিগতায় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার যোসেফপাড়া গ্রাম থেকে তিন মাস পূর্বে ভর্তি জন্য চারজন শিক্ষার্থীরা আবেদন করেন। ইন্টারন্যাশাল নিডস কর্তৃপক্ষ শনিবার( ২৬ এপ্রিল) তাদের রোববার ভর্তির জন্য ফোন করে শিক্ষার্থীদের নিয়ে আসতে বলেন। রোববার ভোর রাতে তারা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা থেকে সড়ক পথে রওয়ানা দিয়ে বিকেল ৩টায়

আগৈলঝাড়ায় আসেন কামিউজ হেমরন এর ছেলে ইমন হেমরন(১০), জেরন মুর্ম’র ছেলে সিমিয়ন মুর্ম(১১), তার ভাই জেসান মুর্ম(৯) ও জোহন হাঁসদা’র ছেলে অর্পণ হাঁসদা(৯)কে ভর্তি করার জন্য আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ছবিখাঁপাড় গ্রামে ইন্টারন্যাশনাল নিডস এর কার্যালয়ে রোববার বিকেল ৩ টায় আসেন। এসময় ওই শিক্ষাথীদের সাথে আসেন ইমন হেমরন এর মা মেরি মাদরী, বোন নিতু হেমরন, সিমিয়ন মুর্ম ও তার ভাই জেসান মুর্ম’র মা সাবিনা মাদরী, বাবা জেরন মুর্ম, তাদের শিশু সন্তান এলিয় মুর্ম(৩), অর্পন হাঁসদার বাবা জোহন হাঁসদা, মা এমিলি মুর্মসহ ১১জন। এসময় ইন্টারন্যাশাল নিডস কতৃপক্ষ তাদের জানান আজকে(রোববার) ভর্তি করা হবে না। আগামীকাল সোমবার চারজন শিক্ষার্থীকে ভর্তি নেওয়া হবে।

এরপরে তারা নিডস কর্তৃপক্ষের কাছে নিজেদের অসয়াত্বের কথা তুলে ধরে রাত্রি যাপনের জন্য আশ্রয় চান। কতৃপক্ষ তাদের আশ্রয় না দিয়ে রাতে অন্যত্র আশ্রয় নিতে বলেন। শিশু সন্তান নিয়ে অসহায় এই মানুষগুলো পাশ্ববর্তী বিভিন্ন বাড়িতে আশ্রয়ের জন্য গেলে কোথায়ও রাত্রি যাপনের জায়গা না পেয়ে গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের পাশে জোবারপাড় বাজারে যায়। এসময় রাত ১০ টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে শিশু সন্তান নিয়ে অসহায় ওই ১১জন একটি বন্ধ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাত্রি যাপনের জন্য বসে থাকে। গন্যমাধ্যম কর্মীদের সহায়তায় শিশু সন্তানসহ অসহায় ওই ১১জনকে পাশ্ববর্তী একটি বে-সরকারী এনজিও চার্চ অব বাংলাদেশ তাদের রাতে আশ্রয় দিয়ে রাত্রি যাপন ও খাবারের ব্যবস্থা করেন।
শিক্ষার্থীদের অভিভাবক মেরি মাদরী বলেন, আমাদের ফোন করে ইন্টারন্যাশাল নিডস কতৃপক্ষ রোববার আসতে বলছে। আমরা আসার পর তারা আজ ভর্তি নেওয়া হবে না জানিয়ে রাতে অন্যত্র থাকার কথা বলেন। কোথায়ও থাকার ব্যবস্থা করতে না পেরে সড়কের পাশের বন্ধ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাতে আশ্রয় নিয়েছি।

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা এনজিও সমন্নয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশ গুপ্ত বলেন, বিষয়টি অমানবিক। যেহেতু তারা এতো দূর থেকে ওই প্রতিষ্ঠানে ছাত্র ভর্তির উদ্দেশ্য এসেছে। ওই প্রতিষ্ঠানে থাকার ব্যবস্থা না থাকলেও তাদের উচিৎ ছিলো অন্যত্র রাত্রি যাপনের ব্যবস্থা করে দেওয়া। এনজিও সমন্নয় পরিষদের আগামী সভায় এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের প্রধানের কাছে বিষয়টি জেনে প্রশাসনের মাধ্যমে জবাব চাওয়া হবে।

এব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা সাংবাদিকদের বলেন, ঘটনাটি অমানবিক, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে ইন্টারন্যাশাল নিডস’র কো-অডিনেটর আলবার্ড বিশ্বাস বলেন, আমাদের এখানে বয়স্ক মহিলা ও পুরুষদের রাখার কোন নিয়ম নেই। তাই ওনাদের রাতে অন্যত্র থাকার জন্য বলেছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৬:৪২   ৩৪৩ বার পঠিত  |