![]()
পটুয়াখালী: মির্জাগঞ্জে ইউপি সদস্যের হাত-পা বেঁধে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট। পটুয়াখালীর মির্জাগঞ্জে এক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ওই ইউপি সদস্যের নাম মো. জাফর সিকদার। তিনি মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
ইউপি সদস্য মো. জাফর সিকদার বলেন, গতকাল দিবাগত রাত ২টার দিকে মুখোশ পরা ৯-১০ ডাকাত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর পরিবারের সবার হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়। প্রায় ৪০ মিনিট ডাকাতি শেষে তারা চলে যায়।
মো. জাফর সিকদার আরো জানান, তাঁর বাবা চার-পাঁচ মাস যাবৎ ক্যানসারে আক্রান্ত। তিনি অসুস্থ অবস্থায় বাড়িতে বিছানায় রয়েছেন। অসুস্থ বাবার জন্য ফ্রিজে রাখা ফলমূলও ডাকাতেরা খেয়ে গেছে।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:১০:৩৫ ১৭৭ বার পঠিত | ● ইউপি ● ডাকাতি ● মির্জাগঞ্জ ● সদস্য