ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১১ জুন ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, আটক ১

কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, আটক ১


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ জুন ২০২৫


কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, আটক ১

নেত্রকোনা: কলমাকান্দায় ভারতীয় পণ্য পাচারের সময় একটি পিকআপভ্যানসহ এক ব্যক্তিকে আটক করেছে - থানা পুলিশ । বুধবার (১১ জুন) ভোরে উপজেলার সদর ইউনিয়নের চিনাহালা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি নাজমুল হক (২৫)। তিনি উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা এলাকার বাসিন্দা এবং পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে আমদানি করে তিনি নিজে পরিবহন করছিলেন।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে — ওরিয়ন বিস্কুট, পন্ডস পাউডারসহ বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী ও ভোগ্যপণ্য। পাচারকালে ব্যবহৃত নীল রঙের পিকআপভ্যানটিও জব্দ করা হয়েছে।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় পণ্যসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান চলমান থাকবে।’

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল বর্তমানে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, সম্প্রতি নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলা দিয়ে ভারতীয় পণ্য চোরাচালান ও মাদক কারবারের প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। এ নিয়ে স্থানীয় প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৪৮   ১৪৯ বার পঠিত  |