![]()
কুমিল্লা: দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির (১৭) হত্যা মামলায় দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানীকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২১ জুন) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির ওসি মো. আব্দুল্লাহ।
আবুল কাশেম ওমানী দেবিদ্বার পৌর এলাকার মৃত মোহাব্বত আলীর ছেলে এবং সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পদত্যাগের খবরে উল্লসিত জনতা দেবিদ্বার থানা ঘেরাও করে। ওই সময় আমিনুল ইসলাম সাব্বির মাথায় গুলিবিদ্ধ হন। পরে দীর্ঘ এক মাস ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফেরেন তিনি। কিন্তু অবস্থা আবারো সংকটাপন্ন হলে ১৪ সেপ্টেম্বর তিনি মারা যান।
এর আগে ৮ সেপ্টেম্বর নিহতের মামা নাজমুল হাসান বাদী হয়ে দেবিদ্বারের সাবেক এমপি আবুল কালাম আজাদ, রাজী মোহাম্মদ ফখরুল, পৌর মেয়র শামীমসহ ৯৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় আবুল কাশেম ওমানী ৫ নম্বর এজাহারভুক্ত আসামি।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, ঘটনার পর থেকে আবুল কাশেম ওমানী আত্মগোপনে ছিলেন। শনিবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল তাকে ছাতিপট্টি এলাকা থেকে গ্রেপ্তার করে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।
আর/ এন
বাংলাদেশ সময়: ২৩:৪০:০৩ ১৭৭ বার পঠিত | ● গ্রেপ্তার ● চেয়ারম্যান ● দেবিদ্বার ● ভাইস ● মামলা ● হত্যা