![]()
ঢাকা: দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির বর্ষীয়ান নেতা হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার(৬৩) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বিএনপি নেতা হারুন মাষ্টার বাহ্রা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
আজ বুধবার সকাল সাড়ে ৬টায় উপজেলার বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীর ওয়াক ওয়ে সড়কের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে নামাজ পড়ে বাড়ির পাশে নদীর ধারে ওয়াক ওয়ে সড়কে হাটতে গেলে মটর সাইকেলযোগে তিন যুবক এসে হঠাৎ গুলি শুরু করে। এসময় মাটিতে লুটিয়ে পড়েন হারুন মাষ্টার। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসতে দেখে দূর্বৃত্তরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। এ সময়ে স্থানীয়রা তাঁকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত হারুন মাষ্টারের ভাতিজা মো. শাহিন আলম বলেন, প্রতিদিনের মতো ভোরে নামাজ শেষে চাচায় হাটঁতে বের হয়। এসময় মোটরসাইকেলযোগে তিন যুবক এসে তাঁকে গুলি করে ফেলে রেখে যায়। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে এবিষয়ে তার পরিবারের সদস্যরা কেউ নিশ্চিত করতে পারেনি।
স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের তথ্যে জানা যায়, বেশ কিছুদিন আগে তিনি স্থানীয়দের নিয়ে সংবাদ সম্মেলন করে নদীর বালু উত্তোলন বন্ধ করেন। এ নিয়ে প্রভাবশালীদের সাথে তার বিরোধ বাঁধে।এছাড়াও পদ্মানদী সংলগ্ন হওয়াতে প্রতি বছরই চর পড়ায় খাস জমির সংখ্যা বেশী।সব মিলিয়ে প্রভাবশালীদের পথের কাটা হয়ে পড়ায় তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে বলে জানান।
দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত তারিন বলেন, তাঁর মাথায়, ঘাড়ে ও শরীরে মোট ৬টি গুলির চিহ্ন পাওয়া গেছে।
উপজেলা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, কিছূ দিন যাবৎ নয়াবাড়ীসহ দোহার উপজেলায় বিএনপির মধ্যে বিভেদ তৈরি হয়। এতে সক্রিয় হউন দুটি গ্রুপ। ফলে নিজেদের আধিপত্য বিস্তার করতে একে অপরের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। সেই জের হিসেবে পদ্মা নদীর প্রাকৃতিক সম্পদ বালু ও জমির দখলের আধিপত্য বজায় রাখতে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে কি না খতিয়ে দেখার অনুরোধ জানান।
এছাড়া স্থানীয় বালু ব্যবসা নিয়েও টানাপোড়েন আছে বলে জানান একাধিক সূত্র।হত্যাকান্ডের খবর পেয়ে দোহার থানার ওসি মো. হাসান আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময়ে তিনি বলেন, নিহত হারুন মাষ্টারের সাথে পূর্ব শত্রুতা আছে কি না এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। তবে বালু উত্তোলন ও আধিপত্য নিয়ে বিএনপির অপর একটি গ্রুপের যোগসাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।
আর/ এন
বাংলাদেশ সময়: ২০:১৩:২১ ১০৯ বার পঠিত | ● কুপিয়ে হত্যা ● ঢাকা জেলা ● দোহার ● বিএনপি