![]()
নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বুড়ির চর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজেকে নির্দেষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিএনপির এ নেতা নিজাম উদ্দিন চৌধুরী নিজেকে নির্দোষ দাবি করেন।
লিখিত বক্তব্যে নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সম্প্রতি কয়েকটি মিডিয়ায় আমাকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। প্রচারিত সংবাদে আমাকে অন্যের বাড়ীঘর ভাংচুর ও লুটতরাজের সাথে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। প্রকৃতপক্ষে আমি বা আমার পরিবারের কোন সদস্য এ ঘটনার সাথে জড়িত ছিল না।
তিনি আরো বলেন, আমার ছেলেকে একটি পক্ষ আক্রমণ করে গুরুতর আহত করে। সংবাদ পেয়ে তাকে দুজন লোক দিয়ে উপজেলা হাসপাতালে নিয়ে আসি। ছেলের অবস্থার গুরুত্বর হলে তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ অবস্থায় আমি হামলাকারীদের অপেক্ষায় ছিলাম বিষয়টির মীমাংসা করার জন্য। তারাও আমার প্রতিবেশী। কিন্তু তারা আমার নিকট আসেনি।
এ অবস্থায় আমি আমার ছেলের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় হাতিয়া থানায় একটি মামলা করি। সে মামলার ভয়ে তারা পালিয়ে বেড়াচ্ছে। অথচ তারা অভিযোগ করেছে আমার পক্ষ থেকে তাদেরকে দৌড়ানো ও হুমকি দেওয়া হয়েছে। বাস্তবে এ সকল কিছুই তাদের সাথে হয় নাই। প্রকৃত সত্য বিষয়টি উদঘাটন করে সংবাদ প্রকাশ করার জন্য সংবাদ সম্মেলনে তিনি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু শাহাদাত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ। এ ছাড়াও হাতিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৩৮:৫৬ ২৬৫ বার পঠিত | ● নেতা ● বিএনপি ● সংবাদ ● সম্মেলন ● হাতিয়া