![]()
ব্রাহ্মণবাড়িয়া: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রনালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. সালেহ্উদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরে আগেই ব্যাংক খাতকে সংস্কার করা হবে। সঞ্চয়পত্রের সুদের হার ঠিক আছে যদি তা আরো বাড়ানো হয় তবে ব্যাংক খাতে ক্ষতিগ্রস্থ হবে। সঞ্চয়পত্রের হার বাড়িয়ে দিলে লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে, কেউ ব্যাংকে টাকা রাখবে না। ব্যাংকগুলোতে লিকুইডিটির একটা ব্যাপার আছে।
আমাদের তো ব্যালেন্স করে দেখতে হবে। সবাই সঞ্চয় পত্র কিনলে ব্যাংক কোত্থেকে টাকা পাবে?ব্যাংকিং খাতকে সংকটমুক্ত করা যাবে কিনা স্থানীয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের টাকা পয়সা নিয়ে বিদেশে চলে গেছে অনেকে। এরকম ঘটনা পৃথিবীর কোন দেশে ঘটে নাই। ব্যাংকিং খাতে সংস্কার সময় সাপেক্ষ, এটা আমরা করতে পারবো না। এটা নির্বাচিত সরকার এসে করবে। কিছুদিন আগে আর্থিকভাবে দুর্বল ১২টি ব্যাংককে ৫২ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ২২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি, তবে এটা কোন স্থায়ী সমাধান নয়।’
বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে ইসলামী ব্যাংক বড় একটা উদাহরণ। প্রাইভেট সেক্টরের বড় এই ব্যাংকে কিন্তু এখন আস্থা ফিরে এসেছে। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে একটা আইন হয়েছে, ব্যাংক রেজ্যুলেশন অ্যাক্ট। এই আইনের প্রথম শর্তটা হলো, যারা টাকা-পয়সা জমা দিয়েছে ব্যাংকে তাদের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। কারো টাকা মার যাবে না, হয়তো সময় লাগতে পারে। কোন কোন ব্যাংকের হয়তো ব্যবসা নাই, সেগুলো হয়তো সময় লাগবে। এগুলোর হিসাব করা হচ্ছে এবং আমরা কারিগরি সহায়তা নিচ্ছি কিভাবে মূল্যায়ন (Assessment) করতে হয়। তিনি বলেন,নবীনগর টু বাঞ্ছারামপুর ও আড়াইহাজার সড়কের কাজ একনেকে অনুমোদন হয়েছে,দ্রুতই কাজ শুরু হবে।
নবীবগর টু আশুগঞ্জ সড়ক নির্মান ও নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কের সংস্কার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল শনিবার (০৫/০৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন,নবীনগরসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা রয়েছে, সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে।
মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো: দিদারুল আলম সভাপতিত্ব করেন। সভার প্রাধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রনালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. সালেহ্উদ্দিন আহমেদ বলেন,উত্থাপিত নবীনগরের মেগা প্রকল্প গুলো বাস্তবায়ন এবং সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও মরমি কবি মহর্ষী মনমোহন দত্তের স্মৃতিচারণে মিউজিয়াম নির্মানসহ প্রশাসনের যে সকল সমস্যাগুলো রয়েছে তা সমাধানের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।এ সময় প্রধান অতিথি কে মহর্ষি কবি মনমোহন দত্তের রচিত বই ও প্রেসক্লাব সভাপতি মোঃ হোসেন শান্তির রচিত ” অলরাউন্ডার ” বই উপহার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী সঞ্চালনায় সভায় নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মুনছুর,প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ উপজেলা প্রশাসনের প্রত্যেক দপ্তরে পাধানগণ উপস্থিত ছিলেন। সভা শেষে তিনি তার গ্রামের বাড়ি নবীনগর উপজেলার দড়ী শ্রীরামপুর গ্রামে কিছুক্ষণ সময় কাটান। তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৫৭:৩২ ১৭২ বার পঠিত | ● অর্থ উপদেষ্টা ● নবীনগর