সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী বাঙ্গালভিটা এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থান কাপড় জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব চোরাচালানপণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) দুপুর ১২টা থেকে ১টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দুই দফায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম। অভিযানে বিজিবির বাঙ্গালভিটা বিওপির সদস্য, সেনাবাহিনী, পুলিশ এবং আনসার সদস্যরা অংশগ্রহণ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা এনএসআই-এর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মাঝেরছড়া এলাকার সীমান্ত পিলার ১১৯০/১৭-এস-এর নিকটবর্তী স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭১২ পিস শাড়ি, ২০ পিস লেহেঙ্গা এবং ১২০০ গজ থান কাপড় জব্দ করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত এসব কাপড়ের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা। পণ্যগুলো শুল্ক গোডাউনে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে বিজিবির এক কর্মকর্তা জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সীমান্তপথে চোরাচালান চলে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর এই সমন্বিত অভিযান তারা সাধুবাদ জানিয়ে বলেন, এমন কার্যক্রম অব্যাহত থাকলে সীমান্ত এলাকার অপরাধ অনেকটাই হ্রাস পাবে।
আফ/আর
বাংলাদেশ সময়: ১৪:৪৮:১৪ ১২৯ বার পঠিত | ● মধ্যনগর ● যৌথ বাহিনী ● সুনামগঞ্জ