ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » শিরোনাম » হাওরাঞ্চলের মেধা রক্ষায় কল্যাণ ট্রাস্ট গঠনের আহ্বান

হাওরাঞ্চলের মেধা রক্ষায় কল্যাণ ট্রাস্ট গঠনের আহ্বান


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট ২০২৫


হাওরাঞ্চলের মেধা রক্ষায় কল্যাণ ট্রাস্ট গঠনের আহ্বান

সুনামগঞ্জ: জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা অঞ্চলে শিক্ষাক্ষেত্রে নজরকাড়া অগ্রগতি সাধিত হলেও, দারিদ্র্যের কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন থেমে যাচ্ছে। এমন বাস্তবতায় হাওরাঞ্চলের মেধাবীদের জন্য একটি “মেধাবী শিক্ষার্থী কল্যাণ ট্রাস্ট” গঠনের আহ্বান জানিয়েছেন বিদ্যালয় প্রতিষ্ঠাতার দৌহিত্র ও সিসিবি ডিরেক্টর মোহাম্মদ হাসিবুল কিবরিয়া তালুকদার মেহেদী।

তিনি বলেন, ১৯৬১ সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমার দাদা আক্কেল আলী তালুকদার এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন হাওরের শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে। আজ অনেক দূর এগোলেও, দারিদ্র্যের কারণে অসংখ্য মেধাবী শিক্ষার্থী মাঝপথেই ঝরে পড়ছে।

তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া জনিক মিয়ার কথা, যার পরিবারে উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি হচ্ছেন তার মোটরসাইকেল চালক পিতা। ভালো কলেজে ভর্তি হওয়া তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা প্রতিভাবান হলেও শুধুমাত্র অর্থাভাবে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে না। এই প্রেক্ষাপটে তিনি প্রশাসন, জনপ্রতিনিধি, প্রবাসী, স্থানীয় বিত্তবান এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান একটি ট্রাস্ট গঠনের জন্য, যার মাধ্যমে বৃত্তি, শিক্ষাসামগ্রী ও ভর্তি সহায়তা দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর স্বপ্ন থেমে গেলে, থেমে যায় একটি সম্ভাবনার ভবিষ্যৎ। তাদের পাশে দাঁড়ানো সমাজের সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব।

তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী আর্থিক কাঠামো গড়ে তোলা সম্ভব, যা হাওরাঞ্চলের শিক্ষার অগ্রযাত্রায় মাইলফলক হয়ে থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৭:৫৯   ৪৭৮ বার পঠিত  |