![]()
সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলার সুমেশ্বরী নদীতে ইজারাবিহীনভাবে ও কোনো সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়ে ৫টি ইঞ্জিনচালিত নৌকা, প্রায় ১,৮০০ ঘনফুট বালু এবং ১৫ জনকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
শুক্রবার (১ আগস্ট ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত মধ্যনগর সদর ইউনিয়নের তোলীপাড়া (মসজিদের পাশে) এবং মধ্যনগর বাজার সংলগ্ন আখড়াঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন এসআই মোঃ ইউছুব আলী ও এসআই মোঃ হামিদুর রহমান। অভিযান পরিচালিত হয় থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সঙ্গীয় ফোর্সের সহযোগিতায়।
পুলিশ জানায়, অভিযানে মোট ৫টি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লক্ষ ৫০ হাজার টাকা। এসব নৌকায় থাকা মোট ১,৮০০ ঘনফুট অবৈধ বালুর বাজারমূল্য প্রায় ৫৪ হাজার টাকা।
আটক ব্যক্তিরা হচ্ছে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নল্লাপাড়া ও পুটিকা গ্রাম এবং কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার কুকরারাই গ্রামের বাসিন্দা। এদের মধ্যে রয়েছেন সেলিম মিয়া, মোঃ শরীফ মিয়া, লালু মিয়া, সোহাগ মিয়া, নুরুজ্জামান, হবি মিয়া, কাবুল মিয়া, ফেরদৌস, হবিকুল, নজরুল ইসলাম, মোফাজ্জল, নয়ন, খোকন, জামাল হোসেন ও জাহাঙ্গীর মিয়া।
এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আটক করে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযান প্রসঙ্গে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান বলেন, সরকারি অনুমোদন ছাড়া যারা বালু উত্তোলন করে পরিবেশ ও নদীর ভারসাম্য নষ্ট করছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এই ধরনের অভিযান নিয়মিত চলবে এবং অবৈধ কার্যকলাপ বন্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:২৩:৫৫ ৭৯ বার পঠিত | ● উত্তোলন ● বালু ● মধ্যনগর