ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » চালককে চেতনানাশক স্প্রে করে অটোরিকশা ছিনতাই, আটক ১

চালককে চেতনানাশক স্প্রে করে অটোরিকশা ছিনতাই, আটক ১


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫


চালককে চেতনানাশক স্প্রে করে অটোরিকশা ছিনতাই, আটক ১

পটুয়াখালী: কলাপাড়ায় অচেতন অবস্থায় পড়ে থাকা চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে শহিদ ফকিরসহ অন্যান্য চোরচক্রের সদস্যদের শনাক্ত করে পুলিশ।

পটুয়াখালীর কলাপাড়ায় অটোরিকশা চালককে চেতনানাশক স্প্রে করে অটোরিকশা ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত মোঃ শহিদ ফকির (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শহিদ ফকির বরগুনা জেলার আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের কালিবাড়ী এলাকার মৃত জয়নাল আবেদীন ফকিরের ছেলে। তাকে সোমবার (৪ আগস্ট)ভোরে আমতলীর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ভুক্তভোগী একজন অটোরিকশা চালক, যিনি অনেক কষ্ট করে একটি অটোরিকশা কিনে সংসার চালাচ্ছিলেন। গত ৩০ জুন ২০২৫ ইং তারিখ সন্ধ্যায় অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে মোবাইলে কল করে কলাপাড়া পৌরসভার চৌরাস্তা মসজিদের সামনে অপেক্ষা করতে বলে।

পরে আসামিরা রোগী নেওয়ার নাম করে চালককে রিজার্ভের কথা বলে নিয়ে যায়। পথিমধ্যে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে শহিদ ফকিরসহ অপর আসামিরা চালকের মুখে চেতনানাশক স্প্রে করে অটোরিকশা এবং পকেটে থাকা কিস্তির ৯,৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়।

কলাপাড়া থানার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল হামিদ জানান, শহিদ ফকির একজন পেশাদার চোর এবং চোরচক্র ও মাদক চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে কলাপাড়া সহ বরগুনার আমতলী ও ঝালকাঠির রাজাপুর থানাসহ একাধিক থানায় অস্ত্র, মাদক, ডাকাতি ও ছিনতাই সংক্রান্ত মোট ১০টিরও বেশি মামলা রয়েছে।

পুলিশের দাবি, শহিদ ফকির জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে এবং সে পলাতক হওয়ার আশঙ্কাও রয়েছে।

এ ঘটনায় কলাপাড়া থানায় দায়েরকৃত মামলায় শহিদ ফকিরকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার জামিনের বিরোধিতা করা হয়েছে এবং রিমান্ডের আবেদনও করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০২:৪১   ১৯৮ বার পঠিত  |