![]()
কুড়িগ্রাম: রাজারহাটে মরা গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টাকালে জনতার ধাওয়া খেয়ে পালিয়ে গেছে মাংস বিক্রেতা । ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,শনিবার ফরকেরহাট বাজারের মাংস বিক্রেতা ও বালাকান্দি কসাইপাড়া গ্রামের মৃত সাকিবুদ্দিনের পুত্র আলম মিয়া (৩৬) পাশ্ববর্তী মৃত আব্দুল আজিজ এর পুত্র ওয়াহেদুল ইসলামের তড়কা (অ্যানথ্রাক্স) রোগাক্রান্ত নাক-মুখ দিয়ে রক্ত একটি গরু ক্রয় করে ফরকেরহাট বাজারে নিয়ে আসাবস্থায় পথিমধ্যে গরুটি মৃত্যু বরন করে।
তারপরও কসাই আলম মিয়া অপর মাংস বিক্রেতা হায়দার আলীর সহযোগিতায় নিজেই মৃত গরুটি জবাই করে। দূর থেকে এদৃশ্য অবলোকন করেন বাজারের দু,একজন মানুষ। পরে মুহুর্তের মধ্যে বিষয়টি জানাজানি হলে শতশত জনতা জোটবদ্ধ হয়ে ওই কসাই দ্বয়কে ধরার চেষ্টা করে।
এসময় অবস্থা বেগতিক দেখে তারা পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসানুল কবির আদিল ও উপজেলা স্যানেটারি পরিদর্শক (ভার:) আব্দুল লতিফ ঘটনাস্থলে পৌঁছেন । পরে মৃত গরুর নমূনা সংগ্রহের পর তা পুতে ফেলা হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসানুল কবির আদিল ও স্যানেটারি পরিদর্শক (ভার:) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আব্দুল লতিফ বলেন,এঘটনায় জড়িত কসাইদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হবে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন,ঘটনাটি জেনেছি,অভিযোগ পেলে মামলা রেকর্ড করা হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৫১:৩৬ ১৫২ বার পঠিত | ● মাংস ● মৃত গরু ● রাজারহাট