![]()
নেত্রকোনা: কলমাকান্দায় মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। যদিও মহাদেও নদ থেকে বালু ও পাথর উত্তোলনে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, তবুও প্রভাবশালীদের প্ররোচনায় কিছু ব্যক্তি অবৈধভাবে উত্তোলন চালিয়ে আসছিলেন। এতে নদীর প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আশপাশের ফসলি জমি, বসতভিটা ও জনপদ হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
রোববার ভোরে (২৪ আগস্ট) উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— রংছাতি ইউনিয়নের নল্লাপাড়ার মো. আবু চান মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২১) ও একই এলাকার সাইদুর রহমানের ছেলে মো. পলাশ মিয়া (৩০) এবং কলমাকান্দা ইউনিয়নের চারিকুম পাড়ার মো. জয়নাল মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (৩৫)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক তাদের প্রত্যেককে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের রোববার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এসময় কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় কৃষকরা জানান, মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের কারণে নদীর তীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করছে। ফসলি জমি তলিয়ে যাচ্ছে, হুমকির মুখে পড়ছে গ্রামীণ সড়ক ও বসতবাড়ি। তারা বলেন, “আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যারা এ কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। না হলে আমাদের গ্রাম বাঁচানো কঠিন হয়ে পড়বে।”
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:০২:৩৯ ৮১ বার পঠিত | ● অবৈধভাবে ● উত্তোলন ● কলমাকান্দা ● বালু