![]()
সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন মেহেদী হাসান।
তিনি বলেন, গত ২৮ মে তার সহযোদ্ধা ও উপজেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য আরিফ মিয়ার একটি বালুর নৌকা চুরি হয়। এ সময় তিনি ঢাকায় তারুণ্যের সমাবেশে অবস্থান করছিলেন। পরে বাড়ি ফিরে নিজ উদ্যোগে খোঁজাখুঁজি করে অবশেষে ২২ আগস্ট সিলেটের গোয়াইনঘাট থেকে নৌকাটি উদ্ধার করা হয়।
মেহেদী হাসানের অভিযোগ, নৌকা উদ্ধারের পর আনন্দিত হওয়ার কথা থাকলেও স্বদেশ টিভি নিউজ ও কয়েকটি ভুয়া ফেসবুক আইডি থেকে তাকে জড়িয়ে মিথ্যা ও প্রতিহিংসামূলক সংবাদ প্রচার করা হচ্ছে। তিনি বলেন, আমি জাতীয়তাবাদী দলের একজন পরীক্ষিত কর্মী ও উপজেলা ছাত্রদলের আগামী দিনের সভাপতি প্রার্থী। প্রতিদ্বন্দ্বীরা আওয়ামী দোসরদের সহযোগিতায় আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে।
এসময় তিনি দলীয় তদন্তের মাধ্যমে মিথ্যাচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক আবুল বাসার বলেন, মেহেদী হাসান আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও নিবেদিত কর্মী। তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার অত্যন্ত দুঃখজনক।
এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, উপজেলা ছাত্রদল নেতা তুহিন তালুকদার, রিপন তালুকদার, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি অর্ণব তালুকদার, চামরদানি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইশতিয়াক মো. আরাফাত প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:১৯:৫১ ৬০৩ বার পঠিত | ● মধ্যনগর ● সংবাদ. সম্মেলন