![]()
ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের রামছড়া বিলের একটি ধানক্ষেত থেকে মো. মজনু মিয়া (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি স্থানীয় মৃত শামছুদ্দিনের ছেলে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে স্বজনরা বিলে মাছ ধরতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
মজনু মিয়ার ভাতিজা ফরিদ মিয়া বলেন, “সকাল সাড়ে ৬টার দিকে মাছ ধরতে গিয়ে ধানক্ষেতে চাচার মরদেহ পড়ে থাকতে দেখি। তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ভয়ে আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং মরদেহ বাড়িতে নিয়ে আসে।”
নিহতের বড় ছেলে শরিফুল ইসলাম জানান, “আমার বাবা দীর্ঘদিন উচ্চ রক্তচাপে ভুগছিলেন। প্রায় সময়ই মাথা ঘুরে পড়ে যেতেন। রবিবার সকালে কৃষিকাজে বের হয়ে আর ফেরেননি। খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় আমরা উদ্বিগ্ন ছিলাম। সোমবার সকালে চাচাতো ভাই মরদেহ দেখতে পায়।”
তিনি আরও বলেন, “আমাদের ধারণা, ধানক্ষেতে কাজ করার সময় বাবার রক্তচাপ বেড়ে যাওয়ায় মাথা ঘুরে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।”
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবেই মনে করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৫৯:২১ ৩৮৪ বার পঠিত | ● ঈশ্বরগঞ্জ ● ক্ষেত ● মরদেহ