![]()
সুনামগঞ্জ: মধ্যনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় জ্বালানী কয়লাসহ একটি নৌকা ও তিন চোরাকারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে মধ্যনগর উপজেলার জমশেরপুর গ্রামের উত্তর পাশে রূপেশ্বর হাওড়ের জোড়খলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমানের নির্দেশনায় এসআই বিকাশ সরকার, এএসআই শাহ আশরাফুল ও সঙ্গীয় ফোর্সের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, আটককৃত নৌকাটি একটি ইঞ্জিনচালিত স্টিলবডি পুরাতন নৌকা, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। নৌকায় থাকা ৩২০ বস্তা সাদা প্লাস্টিকের ব্যাগে সংরক্ষিত ভারতীয় কয়লা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় প্রায় ৩৫ কেজি করে মোট ১১ হাজার ২০০ কেজি (১১.২ মেট্রিক টন) কয়লা পাওয়া যায়। এর বাজারমূল্য প্রায় ১ লাখ ১২ হাজার টাকা। নৌকাসহ উদ্ধারকৃত মালামালের মোট মূল্য দাঁড়ায় প্রায় ৬ লাখ ১২ হাজার টাকা।
অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— খুরশিদ আলম (২৯), মো. রাশেদ মিয়া (২৩) এবং দীন ইসলাম (২২)। এর মধ্যে খুরশিদ ও রাশেদ চারাগাঁও সংসারপাড় গ্রামের বাসিন্দা এবং দীন ইসলাম তাহিরপুর উপজেলার কলাগাঁও গ্রামের বাসিন্দা। এছাড়া অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় এসআই বিকাশ সরকার বাদী হয়ে মধ্যনগর থানায় মামলা (নং-০৪/৬১, তাং- ১১/০৯/২০২৫ খ্রিঃ) দায়ের করেছেন। মামলাটি The Special Powers Act 1974 এর 25B(1)(b)/25D ধারায় রুজু করা হয়। মামলার তদন্তভার এসআই মো. লুৎফুর রহমানকে অর্পণ করা হয়েছে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান বলেন, ভারতীয় কয়লার মতো অবৈধ পণ্য চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান দমনেই পুলিশের এই তৎপরতা। যেখানেই অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া যাবে, সেখানেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৪:২৭:১১ ১০১ বার পঠিত | ● কয়লা ● গ্রেফতার ● ভারতীয় ● মধ্যনগর