![]()
ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি শামছুল হক ঝন্টুর বিরুদ্ধে এক ভ্যানচালককে মারধর ও তার বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ভ্যানচালক হারুন খান (৪৮) ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (৬ অক্টোবর) অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে জাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামছুল হক ঝন্টু (৪৩) প্রতিবেশী হারুন খানের কাছে একটি ট্রান্সফরমার ভাড়ায় পরিবহনের অনুরোধ করেন। হারুন তা করতে অপারগতা প্রকাশ করলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং হাতে থাকা কাঠের চেলা দিয়ে মারধর করেন।
এ ঘটনায় হারুন ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে চেয়ারম্যান আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে ২ অক্টোবর (বৃহস্পতিবার) চেয়ারম্যান শামছুল হক ঝন্টুর নেতৃত্বে বাচ্চু মুন্সী (৫৫), আব্বাস আলী (৪০), হাবিবুর রহমান (৪৬), আঃ হেকিম (৬০), শাহাব উদ্দিন খাঁ (৫৫) এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি হারুন খানের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় হারুনের একমাত্র জীবিকার উৎস ভ্যানটিও নিয়ে যায় তারা। বাধা দিতে গেলে মারধরের শিকার হন হারুনের বৃদ্ধা মা জোবেদা খাতুন (৭৫) ও স্ত্রী জোসনা খাতুন (৪৩)।
ভ্যানচালক হারুন খান বলেন, “চেয়ারম্যান আমাকে ট্রান্সফরমার নিয়ে যেতে বলেছিলেন, আমি রাজি না হওয়ায় গালাগাল ও মারধর করেন। পরে আমি থানায় অভিযোগ করলে তিনি আরও ক্ষিপ্ত হন এবং দলবল নিয়ে আমার বাড়ি ঘেরাও করে ভাঙচুর করে। আমি এখন চেয়ারম্যানের হুমকির কারণে বাড়ি যেতে পারছি না। আমি এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাই।”
অভিযোগের বিষয়ে জাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক ঝন্টু বলেন, “হারুন এলাকায় কাউকে ভাড়ায় নেয় না, তাই অনেকেই অভিযোগ করে। আমি শুধু তাকে একটু শাসন করেছি। কিন্তু সে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। পরে এলাকাবাসী প্রতিবাদ জানাতে গেলে আমি তাদের ফিরিয়ে এনেছি।”
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:২৫:০৯ ১৩১ বার পঠিত | ● ঈশ্বরগঞ্জ ● ঘরবাড়ি ● ভাঙচুর . চেয়ারম্যান ● ভ্যান চালক