![]()
গাজীপুর: কালীগঞ্জে নোটারি পাবলিকের মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে বাল্যবিয়ের অপরাধে কামরুল হাসান কনক নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। দণ্ডপ্রাপ্ত কামরুল হাসান কনক (২৪) তুমলিয়া ইউনিয়নের ইছাপুরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর কামরুল হাসান কনক নরসিংদীর পলাশ উপজেলার নোয়াকান্দা এলাকার ১৫ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করতে বিবাহের ঘোষণাপত্র তৈরি করে তা নরসিংদীর আইনজীবি সাইফুল ইসলামকে দিয়ে নোটারী করে বিবাহ সম্পন্ন করেন। সে সময় কিশোরীর জন্ম সনদে উল্লেখিত জন্ম তারিখ ১ জানুয়ারি ২০১০ সালের পরিবর্তে ১ জানুয়ারি ২০০৬ সাল দেখিয়ে তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে উপস্থাপন করা হয়। এরপর কনক ওই কিশোরীকে নিয়ে ইছাপুরা নিজ বাড়িতে একসঙ্গে বসবাস করতে থাকেন।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। পরে বর-কনের জন্মনিবন্ধনের কাগজপত্র যাচাই-বাছাই করে এবং স্বীকারোক্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত হয় এটা বাল্যবিয়ে। তখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(১) ধারায় কামরুল হাসান কনককে এক মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, অপ্রাপ্ত বয়স্কর কন্যাকে নোটারি পাবলিকের মাধ্যমে প্রাপ্তবয়স্ক করে বিয়ে করা অন্যায়। বিষয়টি জানার পর আমরা বর-কনের জন্মনিবন্ধনের কাগজপত্র যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত হই, যে কনে অপ্রাপ্ত বয়স্কর। পরে বরকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করি। বাল্যবিবাহ রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৩২:২৪ ২৭৯ বার পঠিত | ● অপ্রাপ্তবয়স্ক ● কারাদণ্ড ● কালীগঞ্জ ● কিশোরী ● গাজীপুর ● বর ● বিয়ে