![]()
গাজীপুর: ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম ও মুগ ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষকদের মাঝে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে এই কৃষি প্রণোদনা বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম।
কালীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার সর্বমোট ৬৬০জন কৃষক-কৃষাণীদের মাঝে সরিষা, গম ও মুগ ডালের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।
২০২৫-২৬ অর্থবছরে রবি সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
গমের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০ জন কৃষক পায় ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার। ৩০ জন কৃষকদের মাঝে ৫ কেজি মুগ ডাল বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মো. মাহমুদুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইসমাইল ভূইয়া, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা কৃষি সম্প্রারণ অফিসার মাহফুজা আক্তার, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানা, কালীগঞ্জ পৌর কৃষক দলের আহবায়ক মো. হায়দার আলী শেখ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:১৪:০৩ ১৪২ বার পঠিত | ● কালীগঞ্জ ● কৃষি প্রণোদনা ● বিতরণ