ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে প্রশাসনের মহতি উদ্যোগ নির্মিত হচ্ছে গণপাঠাগার

মধ্যনগরে প্রশাসনের মহতি উদ্যোগ নির্মিত হচ্ছে গণপাঠাগার


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর ২০২৫


মধ্যনগরে প্রশাসনের মহতি উদ্যোগ নির্মিত হচ্ছে গণপাঠাগার

সুনামগঞ্জ: নবগঠিত মধ্যনগর উপজেলায় শিক্ষা ও জ্ঞানচর্চার পরিধি বিস্তারে উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে “উপজেলা প্রশাসন গণপাঠাগার”। স্বল্প সময়ের মধ্যেই পাঠাগারটি আধুনিক ও যুগোপযোগী রূপে আত্মপ্রকাশের পথে এগিয়ে যাচ্ছে।

জানাগেছে, উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এ গণপাঠাগারটি পাঠাভ্যাস, গবেষণা ও জ্ঞানচর্চাকে নতুনভাবে অনুপ্রাণিত করবে। এর মাধ্যমে নবীন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানোর পাশাপাশি একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনের পথ প্রশস্ত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব উজ্জ্বল রায় বলেন, নবগঠিত উপজেলায় বিভিন্ন দপ্তর ও অবকাঠামো গড়ে তোলার প্রারম্ভেই আমরা চেয়েছি জ্ঞানচর্চার ভিত্তি স্থাপন করতে। পাঠাগার সেই প্রচেষ্টারই প্রতিফলন।

তিনি আরও জানান, অচিরেই পাঠাগারটিকে স্বনির্ভর, ডিজিটাল ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেন, উপজেলা প্রশাসনের এমন মহতি উদ্যোগ তরুণ প্রজন্মকে আলোকিত করবে এবং জ্ঞানের আলো ছড়িয়ে দেবে পুরো সমাজে।

উল্লেখ্য, নবগঠিত এই উপজেলায় প্রশাসনিক দপ্তরসমূহের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে ওঠার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় “উপজেলা প্রশাসন গণপাঠাগার” একটি সময়োপযোগী ও মহৎ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সচেতন মহলের প্রত্যাশা— ধীরে ধীরে উপজেলার প্রতিটি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন গড়ে উঠবে এবং মধ্যনগর পরিণত হবে একটি শিক্ষা ও উন্নয়ননির্ভর মডেল উপজেলায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩০:০৪   ৭৩ বার পঠিত  |