![]()
নোয়াখালী: হাতিয়ায় চেতনানাশক ছিটিয়ে অজ্ঞান করে এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে চরকিং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী পরিবার সূত্রে জানা যায়, হাতিয়া সুপার মার্কেটের ব্যবসায়ী ইনসাফ বস্ত্র বিতানের মালিক কামরুল ইসলামের বাড়িতে অজ্ঞান পার্টির সদস্যরা ঘরের জানালায় দেওয়া টিন সরিয়ে প্রবেশ করে। তারা শয়ন কক্ষে চেতনানাশক ছিটিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে দেয়। পরে নগদ দুই লাখ টাকা, ৯ ভরি স্বর্ণের গহনা, দুইটি মোবাইল ফোন অন্যান্য প্রয়োজনীয় মালামাল সহ প্রায় ২০ লাখ টাকার জিনিস পত্র লুটপাট করে।
ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, আমি আমার অসুস্থ্য এক আত্মীয়কে দেখে মধ্যরাতে বাড়িতে এসেছিলাম। কিছু খেয়ে ঘুমিয়ে পড়ি। ফজরের নামাজের আগে আমার মেয়ের চিৎকার শুনে উঠে দেখি পুরো ঘর তছনছ। স্ত্রীর ৯ ভরি স্বর্ণ, নগদ দুই লাখ টাকা, আমার ও আমার ছেলের স্মার্টফোনসহ মূল্যবান সব মালামাল লুট হয়ে গেছে। ঘরের সবাইকে ডাকলেও তারা না উঠায় বুঝতে পারি তাদের অজ্ঞান করা হয়েছে। চিৎকার শুনে আশপাশের লোক আসে, এরপর চোররা বাগান দিয়ে পালিয়ে যায়।
চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ বলেন, এ ধরনের সংঘটিত লুটের ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে উদ্যোগী হতে হবে, যাতে সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারে। পুনরায় এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য সতর্কতা প্রয়োজন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশকে ইতিমধ্যেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করব এবং ভুক্তভোগী পরিবারের অভিযোগের আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৪১:৫০ ৯৬ বার পঠিত | ● অজ্ঞান ● চেতনানাশক ● ছিটিয়ে ● লুট ● হাতিয়া