![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলার নয়নাবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে প্রায় ষোল লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আড়াইহাজার ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রবিউল হাসান বলেন, থ্রিপল নাইনে খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সুতা ব্যবসায়ী আব্দুল মালেক মাস্টার বলেন, তিনি দোকান বন্ধ করে দুপুরের খাবার খেতে যান। পরে মাইকে নয়ানাবাদ বাজার থেকে আগুন লাগার ঘোষনা দিলে দ্রুত ঘটনাস্থলে আসেন। সুতার গদিতে এসে দেখেন তার সমস্ত সুতা পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার দশ লাখ টাকা মালামাল ভস্মীভুত হয়েছে বলে তিনি দাবী করেন।
আল আমিন ফার্মেসী সত্বাধিকারী মাওলানা আল আমিন জানান, লেপতোষকের দোকানের মেইন সুইচ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে তার ফার্মেসী পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফার্মেসীতে থাকা নগদ ৬২ হাজারসহ প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করে।
আবু তালেব জানান, তার লেপতোষকের দোকান সম্পুর্ণ ভস্মীভুত হয়েছে। নগদ ৭০ হাজার টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগুনে আবুল বাশারের মুদি দোকানের প্রায় এক লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।
এ বিষয়ে আড়াইহাজার থানা ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে ক্ষতির পরিমানের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩৪:১৭ ৬৯ বার পঠিত | ● আগুনে পুড়ে ● আড়াইহাজার ● ছাই ৪ দোকান