ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে নিঝুমদ্বীপে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে নিঝুমদ্বীপে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫


ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে নিঝুমদ্বীপে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

নোয়াখালী: হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের তিন বিএনপি নেতার বিরুদ্ধে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রমূলক তথ্য ও অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন লিখিত বক্তব্য পাঠ করেন।

নিজের লিখিত বক্তব্যে আশরাফ উদ্দিন বলেন, গত কয়েকদিন ধরে কিছু অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুকে আমাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক তথ্য পরিবেশন করা হচ্ছে। এসব সংবাদের সঙ্গে আমাদের কোনোরূপ সংশ্লিষ্টতা নেই। রাজনৈতিকভাবে হেয় করার জন্য একটি চক্র পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, নিঝুমদ্বীপের কৃষকের জমির ধান লুট, চাঁদাবাজি, সাধারণ মানুষকে নির্যাতন এবং বন্য মহিষ জবাইয়ের ঘটনায় আমাদের সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে। অথচ এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের হীন স্বার্থসিদ্ধির জন্য আমাদের ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনাম ক্ষুণ্ণ করতে এই অপচেষ্টা চালাচ্ছে।

বক্তব্যে তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যারা মিথ্যা সংবাদ ছড়িয়ে আমাদের রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই। আমরা সত্য ও ন্যায়নিষ্ঠ রাজনীতি করি।এ ধরনের অপপ্রচারকে আমরা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহেদ উদ্দিন মেম্বার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবদুল মোতালেব, সিনিয়র সহ-সভাপতি আবদুল মুনাফ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম মাঝি, ছাত্রদল নেতা সমির উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আরও নেতাকর্মীরা।

এন., আর

বাংলাদেশ সময়: ২২:৫৭:২৬   ৯৬ বার পঠিত  |