
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ৬৮ কেজি গাঁজাসহ সাগর চন্দ্র দাস (২৮) নামে কভার ভ্যান চালককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে ৬৮ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)- ১১ সিপিএসসি নরসিংদীর একটি দল। পুলিশ জানান, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত কভার্ড ভ্যান চালক সাগর চন্দ্র দাস ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কালামুড়িয়া এলাকার বাসিন্দা। র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাস্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি হলুদ রঙের কাভার্ড ভ্যানে করে মাদক নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় সরবরাহের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের একটি দল ফেরিঘাট এলাকায় অবস্থান নেয়। সকাল ৯টার দিকে সন্দেহজনক কাভার্ড ভ্যানটি থামানো হলে ড্রাইভার প্রথমে সন্তোষজনক জবাব দিতে পারেননি।
পরে ভ্যানের পেছনের দরজা খুলে তল্লাশি চালিয়ে তিনটি লাল প্লাস্টিকের বস্তা ও একটি সাদা বস্তার ভেতর খাকি টেপে মোড়ানো ৬৮ কেজি শুকনো গাঁজা পাওয়া যায়। পাশাপাশি ভ্যানটি এবং ড্রাইভারের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৩৭:২০ ৫১ বার পঠিত | ● আড়াইহাজার ● গ্রেপ্তার ● মাদক