![]()
ভোলা: চরফ্যাসনের দুলারহাট থানার আহম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চাপরাশিকে গ্রেপ্তার করেছে দুলারহাট থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তারের পর বুধবার সকালে আদলতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদ চাপরাশি আহাম্মদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মৃত মন্তাজ চাপরাশির ছেলে।
পুলিশ জানায়, আহম্মদপুর ইউনিয়নের বাসিন্দা মো. ইউসুফ বাদি হয়ে ২০২৫ সালের ৫ জুন আহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদ চাপরাশিসহ ১৩ জনকে আসামি করে চরফ্যাসন আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন৷ ওই মামলায় ফরিদ চাপরাশি ৮নং আসামি করা হয়। বিজ্ঞ আদালত দুলারহাট থানার ওসিকে মামলাটি এজাহারভুক্ত করার জন্য নির্দেশ দেয়। আদালতের নির্দেশক্রমে থানায় মামলাটি এজাহারভুক্ত করা হয়।
মামলা দায়ের করার পর থেকে আসামি ফরিদ চাপরাশি আত্মগোপনে চলে যায়। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে৷
দুলারহাট থানার অফিসার ইনচার্জ মো. মিজান জানান, পলাতক আসামী ফরিদ চাপরাশিকে গ্রেপ্তার করে বুধবার আদালতে প্রেরন করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:১০:০৯ ১০৮ বার পঠিত | ● গ্রেপ্তার ● চরফ্যাসন ● নেতার . আওয়ামীলীগ