![]()
ফরিদপুর: ভাঙ্গায় গত ৩১ জানুয়ারি শনিবার স্কুলের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে ১৪ গ্ৰামবাসির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার পর আজ ওই স্কুলের প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্চিত করার পর স্কুলের মধ্যে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ব্রাহ্মনকান্দা আব্দুল শরীফ একাডেমীর প্রধান শিক্ষক এনামুল কবিরকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ শিক্ষককে উদ্ধার করে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেয়। গত ২ দিন আগে ওই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে খেলাধুলাকে কেন্দ্র করে ঘটে যাওয়া রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সেই জের ধরে আজ পুনরায় স্থানীয় একটি প্রভাবশালী মহল স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটায়। এতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।
নাম প্রকাশ গোপন রাখার শর্তে বাজারের দোকানদার কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্কুলের প্রধান শিক্ষককে একটি মুদি দোকানের মধ্যে আটকে তার পরিহিত পোশাক খুলে মারধর করেন স্থানীয় প্রভাবশালী একটি মহলের কতিপয় যুবক। পরে প্রকাশ্যেই শিক্ষার্থীদের সামনে তাকে স্কুলের ভেতরে নিয়ে কক্ষে আটকে ফের লাঞ্চিত করা হয়। বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলের আশপাশের বাজারে থাকা সিসি ফুটেজ সংগ্রহ করলেই তার প্রমাণ পাবেন।
এ বিষয়ে ব্রাহ্মনকান্দা আব্দুল শরীফ একাডেমীর প্রধান শিক্ষক এনামুল কবির জানান, একটি মহল শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে চরম ষড়যন্ত্র চালাচ্ছে। আজ আমাকে স্কুলে ঢোকার আগেই বাজারের একটি দোকানে আটকে রেখে প্রথমে মারধর ও পরে আমারই কর্মস্থলে আটকে রেখে আমাকে নানা ভাবে লাঞ্ছিত করা হয়। তবে, আমার ভাগ্যে যাই ঘটার তা ঘটেছে, এ নিয়ে আমার কারও বিরুদ্ধে কোন অভিযোগ নেই।
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক রাম প্রসাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পরে প্রধান শিক্ষককে উদ্ধার করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেই তাকে। তবে, এ ঘটনায় প্রধান শিক্ষক কারও বিরুদ্ধে নাম প্রকাশ না করায়, কাউকে আটক করা যায় নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের জানান, শিক্ষককে অবোরুদ্ধ করে রাখা হয়েছে, এমন একটি খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সাহেবকে অবহিত করি। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রধান শিক্ষককে উদ্ধার করেন।
উল্লেখ্য, ভাঙ্গার ব্রাহ্মনকান্দা আব্দুল শরীফ একাডেমীতে গত শনিবার (৩১ ডিসেম্বর) বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান ছিল। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ এনামুল কবির পাশ্ববর্তী হামিরদী ইউনিয়নের ১০ গ্ৰামের গন্যমান্য ব্যক্তিবর্গকে অনুষ্ঠানে দাওয়াত দেননি। এতে উক্ত কয়েক গ্ৰামের শিক্ষার্থী ও অভিভাবকদের ভেতরে ক্ষোভ প্রকাশ পায়। এরই ধারাবাহিকতায় ক্রীড়া প্রতিযোগীতার দ্বিতীয় পর্বে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অর্ধশত লোকজন আহত হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩২:২১ ৪১ বার পঠিত | ● ভাঙ্গা ● মারধর ● শিক্ষক