![]()
বরগুনা: তালতলীতে ভোট দিয়ে বাড়ি ফেরার সময় ইউপি সদস্য আলী আহম্মদকে ধারালো রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেল ৩টার সময় উপজেলার পাজরাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহম্মদ কাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোট শেষে তিনি গাড়িযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে কালির খাল এলাকার সাইদুল ও রিয়াদ তার গাড়ি থামিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা লাঠি ও ধারালো রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। কী কারণে তাকে কুপিয়ে আহত করা হয়েছে, তা এখনো জানা যায়নি। আহত ইউপি সদস্য বর্তমানে অজ্ঞান অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
কর্তব্যরত চিকিৎসক মো. রাকিবুল ইসলাম জানান, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান বলেন, মারামারির সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ভোটকেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এ ঘটনা ঘটেছে। এখনো ঘটনার কারণ জানা যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, আমি এইমাত্র সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে প্রশাসনের টিম পাঠানো হয়েছে। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার মামলা করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১০:৫৩ ২৮ বার পঠিত | ● আমতলী ● কুপিয়ে ● জখম ● তালতলী