ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১ মার্চ ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েনের অবসান,একই দিনে চেয়ারম্যানের প্রত্যাবর্তন ও ইউএনও’র বদলি

রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েনের অবসান,একই দিনে চেয়ারম্যানের প্রত্যাবর্তন ও ইউএনও’র বদলি


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: রবিবার, ১ মার্চ ২০২৬


রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েনের অবসান,একই দিনে চেয়ারম্যানের প্রত্যাবর্তন ও ইউএনও’র বদলি

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলা-এর লেংগুরা ইউনিয়ন পরিষদে দীর্ঘদিনের প্রশাসনিক ও রাজনৈতিক টানাপোড়েনের অবসানের ইঙ্গিত মিলেছে। আজ রবিবার (১ মার্চ) একই দিনে বরখাস্ত হওয়া চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া স্বপদে ফিরেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি আদেশ জারি হয়েছে।

জানা যায়, চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়ার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে বাধা প্রদান ও আদালত অবমাননার অভিযোগ এনে স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করেছিল। পরবর্তীতে তিনি মাননীয় হাইকোর্ট বিভাগ-এ রিট পিটিশন নং–১০৭২/২০২৬ দায়ের করেন। শুনানি শেষে আদালত বরখাস্তাদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন।

আদালতের স্থগিতাদেশের প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে চেয়ারম্যানকে স্বপদে বহালের প্রজ্ঞাপন জারি করা হয়। নেত্রকোনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশনা ও মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চেয়ারম্যানের স্বপদে ফেরা প্রসঙ্গে কলমাকান্দা উপজেলা সমাজসেবা কার্যালয়-এর কর্মকর্তা মো. রেজাউল করিম চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ থেকেই চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া স্বপদে দায়িত্ব পালন শুরু করেছেন।

অন্যদিকে একই দিনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ইউএনও মাসুদুর রহমানের বদলি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী তাকে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনকালীন প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার সময় চেয়ারম্যান ও ইউএনও’র মধ্যে প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ তৈরি হয়। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। ইউএনও বদলির আদেশের বিরুদ্ধে স্থানীয় জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোটের নেতাকর্মীরা মানববন্ধনও করেন বলে জানা যায়।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের প্রশাসনিক ও রাজনৈতিক দ্বন্দ্বের অবসানে এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বিষয়টির আইনি ও প্রশাসনিক ব্যাখ্যা ভবিষ্যতে আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৫:৫৭   ২৫ বার পঠিত  |