ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » কিশোরকে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ

কিশোরকে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬


 কিশোরকে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ

ঢাকা: নবাবগঞ্জ উপজেলার হরিষকুল গ্রামে এক প্রতিবন্ধী কিশোরকে মুখে  বিষ ঢেলে  হত্যার অভিযোগ উঠেছে। নিহত কিশোরের নাম দেব মজুমদার। এ ঘটনায় কল্প বাউল ও বিজয় নামে দুইজনকে অভিযুক্ত করা হয়েছে, যারা বর্তমানে পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা দেব মজুমদারকে বিষ খাইয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ফেলে রেখে যায়। পরে এক পথচারী তাকে অচেতন অবস্থায় খুঁজে পেয়ে উদ্ধার করেন। দ্রুত তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়।
চিকিৎসকদের তত্ত্বাবধানে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর দেব মজুমদার শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিষক্রিয়ার কারণে তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ—বিশেষ করে লিভার ও কিডনি—মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া তার মুখে গুরুতর ঘা ও অভ্যন্তরীণ ক্ষতের চিহ্ন পাওয়া যায়।
ঘটনার পর থেকেই অভিযুক্ত কল্প বাউল ও বিজয় পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয়দের দাবি, প্রতিবন্ধী এক কিশোরের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৪৯:৪১   ২১৫ বার পঠিত  |