ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় জমি বিরোধে হামলা, নারীসহ আহত ৪, বসতবাড়িতে আগুন

কলমাকান্দায় জমি বিরোধে হামলা, নারীসহ আহত ৪, বসতবাড়িতে আগুন


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ ২০২৬


 কলমাকান্দায় জমি বিরোধে হামলা, নারীসহ আহত ৪, বসতবাড়িতে আগুন
নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। এ সময় বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগও উঠেছে।

এ ঘটনায় শনিবার সকালে কলমাকান্দা সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামের মো. কাবিল মিয়া বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, চান্দুয়াইল মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে কাবিল মিয়া (৩৫)-এর সঙ্গে প্রতিবেশী রূপচান মিয়া (৬০)-এর বিরোধ চলছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। কাবিল মিয়ার দাবি, ওই জমিতে প্রতিপক্ষকে প্রবেশ না করার জন্য আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে।

অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার গভীর রাতে রূপচান মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাবিল মিয়ার নতুন ভিটাবাড়িতে প্রবেশ করে ঘর তোলার চেষ্টা করেন। এতে বাধা দিলে তারা হামলা চালায়। হামলায় কাবিল মিয়ার বোন মমিনা খাতুন, মা সানোয়ারা খাতুন, ভাগ্নে সায়মন মিয়া ও আলী ইসলাম আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগে আরও বলা হয়, হামলার পর বসতবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রূপচাঁন মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। মামলার খবর পেয়ে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, এ ঘটনায় কাবিল মিয়া বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই শেষে মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:০৭   ৯৯ বার পঠিত  |