![]()
পটুয়াখালী: কুয়াকাটায় সরকারি খাস জমি থেকে একটি রেইন্ট্রি গাছ কেটে নেওয়ার অভিযোগে শ্রমিকদল নেতাসহ চারজনের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আরও ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
মামলার বাদী মহিপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ আসিফ নূর জানান, কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে হোটেল সীকুইন সংলগ্ন বিএস-১ নম্বর খাস খতিয়ানের ৩৪২১ ও ৩৪২৭ নম্বর দাগের সরকারি জমিতে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। ওই এলাকায় অবস্থিত ডিসি বাংলোর কর্মচারীরা সরকারি সম্পত্তির দেখভাল করেন।
অভিযোগে বলা হয়, গত ১১ মার্চ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ওই সরকারি জমিতে একটি রেইন্ট্রি গাছ ছিল। তবে রাত আনুমানিক ৯টার দিকে গাছটি আর সেখানে দেখা যায়নি। পরদিন বিষয়টি ভূমি অফিসে জানানো হলে সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্তরা বেআইনি ভাবে দলবদ্ধ হয়ে সরকারি জমিতে প্রবেশ করে গাছটি কেটে ভ্যানযোগে অন্যত্র নিয়ে যায়। চুরি হওয়া গাছটির আনুমানিক মূল্য প্রায় ৭ হাজার টাকা। এ ঘটনায় কুয়াকাটা পৌর শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ জসিম মৃধা, কাদের, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আলমাস ও রাসেলসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে শনিবার,১৪ মার্চ মহিপুর থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শ্রমিকদল নেতা মোঃ জসিম মৃধা বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
পটুয়াখালী জেলা শ্রমিক দলের সহ-সভাপতি জাহিদুর রহমান বাবু খান বলেন, ঘটনার সত্যতা যাচাই করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহব্বত খান জানান, সরকারি সম্পত্তি চুরির অভিযোগে একটি মামলা রুজু হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৫৭:১৬ ৬৩ বার পঠিত | ● কুয়াকাটা ● জমির গাছ ● বিক্রি ● সরকারি খাস