ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৮ মার্চ ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে ৭০০ জনকে প্রধানমন্ত্রীর শাড়ি উপহার

বাউফলে ৭০০ জনকে প্রধানমন্ত্রীর শাড়ি উপহার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ ২০২৬


 বাউফলে ৭০০ জনকে প্রধানমন্ত্রীর শাড়ি উপহার

পটুয়াখালী: ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে এক মানবিক উদ্যোগে বাউফলে ৭শ’ অসহায় নারীর মুখে হাসি ফুটালেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাওয়া ঈদ উপহার হিসেবে এসব শাড়ি বিতরণের মাধ্যমে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।
১৮ মার্চ দুপুরে উপজেলার কাগজীরপুল এলাকার ইবনে সিনা আউটডোর অডিটোরিয়ামে এসব শাড়ি বিতরণ করা হয়। শাড়ি পাওয়া কালাইয়া থেকে আসা রশোনা বেগম (৬৫) বলেন, ‘ঈদের আগে এমন উপহার পেয়ে খুব ভালো লাগছে। এতে আমাদের অনেক উপকার হবে।’
নাজিরপুর থেকে আগত রুজিনা আক্তার (৩৭) বলেন, ‘আমরা অনেকেই নতুন কাপড় কিনতে পারি না। এই শাড়িটা আমাদের জন্য বড় সহায়তা।’ ছোট ডালিমা এলাকার জবেদ খাতুন (৭০) বলেন, ‘বয়স হয়েছে, আয়-রোজগার নেই। এই উপহার পেয়ে খুব খুশি হয়েছি।’
বাউফল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাধবী রানী (৩০) বলেন, ‘ধর্ম-বর্ণ না দেখে সবাইকে দেয়া হচ্ছে—এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।’ ৭ নম্বর ওয়ার্ডের পলি রানী (৩৫) বলেন, ‘ঈদের আনন্দটা এখন আমাদের কাছেও পৌঁছাবে, এটাই সবচেয়ে বড় পাওয়া।’
এ বিষয়ে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৭শ’ পিস সিনথেটিক শাড়ি উপহার পাওয়া গেছে। যা প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। পাশাপাশি নিজের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া উপহারও পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, অতীতে আওয়ামী লীগের আমলে দলীয় বিবেচনায় ঈদ উপহার বিতরণ হতো। তবে বর্তমানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০০:২৪   ১০৩ বার পঠিত  |