![]()
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয়।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ায় সেখানে আজ শুক্রবার ঈদ পালিত হয়। আগের দিন বৃহস্পতিবার আফগানিস্তান, মালি ও নাইজারে ঈদ উদ্যাপিত হয়েছে।
রাজধানীসহ সারা দেশের ঈদগাহ ময়দানগুলোতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া থেকে শুরু করে ঢাকার জাতীয় ঈদগাহ–সবখানেই এখন ঈদের জামাতের অপেক্ষা।
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় এ জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতির দায়িত্ব পালন করবেন। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের সকল আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এদিকে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার ঈদুল ফিতরের ১৯৯তম ঈদ জামাত শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ঈদ জামাতের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেখানে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, বিজিবি সীমান্তে নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের প্রমাণ দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় সৃষ্টিসহ নিরলসভাবে দায়িত্ব পালন করবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:২৫:১৪ ৭৪ বার পঠিত | ● চাঁদ দেখা গেছে ● শনিবার ঈদ