![]()
ঢাকা: নবাবগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেছেন ঢাকা -১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক । শনিবার সকালে পূর্ব ঘোষণা ছাড়াই তিনি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরাসরি চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সাধারণ রোগীর মতো বহির্বিভাগের টিকিট সংগ্রহ করে চিকিৎসা নিতে যান তিনি। পরে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, পাশাপাশি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
এ সময়ে প্রতিটি চিকিৎসকের কক্ষে গিয়ে দেখেন তারা সময় মতো উপস্থিত আছেন কিনা, রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কিনা। এরপর প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ঠিকভাবে হচ্ছে কি না তা খোঁজখবর নেন এমপি আশফাক।
পরিদর্শন শেষে সাংবাদিকদের উপস্থিতিতে খন্দকার আবু আশফাক চিকিৎসকদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সরকার নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত হতে হবে। পাশাপাশি রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করে মানসম্মত সেবা দিতে হবে।
সংসদ সদস্য আরও বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমান ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে হঠাৎ হাসপাতাল পরিদর্শন করা হয়। সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, এজন্য জরুরি বিভাগ পরিদর্শন করা হয়। রোগীরা দ্রুত চিকিৎসা পাচ্ছেন কি না এবং সেবার মান বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ডে গিয়ে কথা বলেন এবং চিকিৎসা, খাবার ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তুষ্টি সম্পর্কে জানতে চান। দুই ঘণ্টা হাসপাতাল ঘুরে সামগ্রিক চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য। পরিদর্শন শেষে নবাবগঞ্জ উপজেলা চত্বরে পরিস্কার-পরিছন্ন কাজের উদ্বোধন করেন তিনি।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩৮:৫৫ ১৯১ বার পঠিত | ● এমপি ● নবাবগঞ্জ ● পরিদর্শন ● সরকারি হাসপাতাল