ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

ভেড়ামারায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬


 ---

কুষ্টিয়া: বাংলাদেশ শ্রম আইন লঙ্ঘন করে সাপ্তাহিক ছুটির দিনে ব্যবসায়িক কার্যক্রম চালু রাখায় কুষ্টিয়ার ভেড়ামারায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার প্রধান বাজারে অভিযান চালিয়ে ‘মোবাইল প্লাজা’ এবং ‘Textile’ নামক প্রতিষ্ঠান দুটিকে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।

আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪ (১) ধারা অনুযায়ী, প্রত্যেক দোকান, বাণিজ্য বা শিল্প প্রতিষ্ঠান প্রতি সপ্তাহে অন্তত দেড় দিন সম্পূর্ণ বন্ধ রাখা বাধ্যতামূলক। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কুষ্টিয়া থেকে এই নিয়ম মেনে চলতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বারবার লিখিত নোটিশ প্রদান করা হলেও তারা তা অমান্য করে ব্যবসা পরিচালনা করে আসছিল।

অভিযানকালে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কুষ্টিয়ার শ্রম পরিদর্শক (সাধারণ) মোঃ রনিকুজ্জামান।

ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, বারবার সতর্ক করার পরেও আইন অমান্য করায় জনস্বার্থে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রম আইন বাস্তবায়নে এবং শ্রমিকদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এনআর

বাংলাদেশ সময়: ২২:৩১:৫০   ৬৬ বার পঠিত  |   

----