ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১২ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার

ভেড়ামারায় বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল ২০২৬


 ভেড়ামারায় বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় প্রশাসনের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। ১১ এপ্রিল দিবাগত রাত ১০ ঘটিকায় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপনগর গ্রামের মৃত জগত প্রামাণিকের ছেলে শ্রী শুভংকর প্রামাণিক ওরফে শুভর বাড়িতে হানা দেয় প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ জাহিদুর রহমানের সহযোগিতায় এই তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালীন মাদককারবারি শুভর বসতবাড়ির রান্নাঘরের চালের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১১২ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ধুরন্ধর মাদক ব্যবসায়ী শুভ এলাকা থেকে সটকে পড়তে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শুভ দীর্ঘ দিন ধরে গোলাপনগর এলাকায় মাদক ব্যবসার একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছিল। বিশেষ করে সম্প্রতি হযরত সোলায়মান শাহ (রহ.)-এর মাজারে অনুষ্ঠিত ওরসকে কেন্দ্র করে শুভ ও তার সহযোগীরা এলাকায় মাদকের এক বিশাল সিন্ডিকেট গড়ে তোলে।

অভিযান সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জানান, মাদকমুক্ত ভেড়ামারা গড়তে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহেদুর রহমান জানিয়েছেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় একটি মাদক মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৭:৩৯   ৭৮ বার পঠিত  |